ঢাকা: বিশ্বের উন্নত দেশগুলো ‘ক্যাশলেস সোসাইটি’ বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা গড়ে তুলেছে বহু আগেই। পার্শ্ববর্তী দেশ ভারতও এখন ক্যাশলেশ লেনদেনেই অভ্যস্ত।
এবার বাংলাদেশের অর্থনীতিতে ক্যাশলেস লেনদেনের বিপ্লব ঘটাতে দেশজুড়ে বাধ্যতামূলক করা হয়েছে সর্বজনীন পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’।
এখন থেকে কাঁচাবাজারের সবজি বিক্রেতা থেকে শুরু করে বড় শপিংমলের নামিদামি ব্র্যান্ড সবখানে বাধ্যতামূলকভাবে যুক্ত হবে এই একক স্ক্যানার কোড।
বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে বলছে, এই যুগান্তকারী উদ্যোগের ফলে সাধারণ মানুষের কেনাকাটা এবং লেনদেনের ধরন বদলে যাওয়ার নতুন এক অধ্যায় শুরু হলো।
কি এই বাংলা কিউআর?
সহজ ভাষায় বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের একটি সর্বজনীন ও অভিন্ন কুইক রেসপন্স (কিউআর) কোড বা কুইক রেসপন্স ব্যবস্থা।
এর আগে দেশের বিভিন্ন ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো যেমন বিকাশ, রকেট বা নগদের নিজস্ব আলাদা আলাদা কিউআর কোড ছিল।
তখন এক ব্যাংকের অ্যাপ দিয়ে অন্য ব্যাংকের কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যেত না। বাংলা কিউআর এমন নয়।
বাংলা কিউআর দেশের সমস্ত ব্যাংক, মোবাইল ব্যাংকিং এবং কার্ড নেটওয়ার্ককে একক ছাদের তলায় নিয়ে এসেছে। তাতে সুবিধা হবে মানুষের।
লেনদেনের এই টাকা সরাসরি ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটে জমা হয়ে যাবে।
১ জুলাই থেকে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য বাংলা কিউআর নেটওয়ার্কে যুক্ত হওয়া পুরোপুরি বাধ্যতামূলক করা হয়েছে।
এবং দেশের সব ধরনের মার্চেন্ট বা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিশেষ করে যারা ডিজিটাল পেমেন্ট গ্রহণ করে, তাদের দোকানে বাংলা কিউআর কোড প্রদর্শন ও ব্যবহার বাধ্যতামূলক করার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
