ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এখন কোনো ব্যানার, ফেস্টুনে ব্যবহার করা যাবে না।
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রচারের জন্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার।
এই বিষয়ে একটি পরিপত্র আজ রবিবার (৫ জুলাই) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকেই—ব্যবহার করা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।
পরিপত্রে এই বিষয়ে আরো বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারণামূলক উপকরণ তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের যা বিষয়বস্তু, বা যেটা নিয়ে অনুষ্ঠান সেটাতেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের পাশাপাশি নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।
