ঢাকা: যাত্রীদের জন্য সুখবর। ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল!

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হতে যাচ্ছে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর বর্ধিতাংশ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিল থেকে এ অংশে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বর্ধিত লাইনে বাণিজ্যিকভাবে চালুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

তাঁর কথা অনুযায়ী, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।

কমলাপুর স্টেশনের পাইল, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদের নির্মাণ শেষ হয়েছে। এখন স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি চলছে।

স্টেশনের ভেতরে এবং বাইরেও টাইলস বসানো, কাচ স্থাপন, রং করা এবং প্রবেশপথের অবকাঠামো নির্মাণের কাজও এগিয়ে চলছে।

এদিকে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।

সব কাজ শেষ হলে উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের লাইন-৬ এর মোট দৈর্ঘ্য হবে ২১.২৬ কিলোমিটার, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও দ্রুত, আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *