কক্সবাজার: টানা ভারী বর্ষণে কক্সবাজার জেলায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে।৮ জনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসে নারী-শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার রাত একটা থেকে তিনটার মধ্যে বালুখালী, কুতুপালং ও জামশিয়া আশ্রয়শিবিরের চারটি স্থানে পৃথকভাবে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, রাত দেড়টার দিকে জামতলী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৫) ডি-৬ ব্লকে পাহাড়ধসে কামাল হোসাইন (৪৪), তাঁর স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং ছেলে মোহাম্মদ আনাসের (৪) মৃত্যু হয়।
এবং রাত ২টার দিকে কুতুপালং আশ্রয়শিবিরে (ক্যাম্প-৭) ডি-৭ ব্লকে পাহাড়ধসে মো. একরাম (৭) নামে এক শিশু মারা গেছে।
এছাড়াও ভোর রাত সাড়ে ৩টার দিকে বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১১) সি-১১ ব্লকে পৃথক পাহাড়ধসে উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩) এবং ভাই হারুনুর রশিদ (৩) ও মোহাম্মদ রিহানের (৫) মৃত্যু হয়।
এক রাতেই ৮ জন মারা গেছেন।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেছেন, ‘পাহাড়ধসের কারণে ৮ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় আরও পাহাড়ধসের শঙ্কা রয়েছে।’
টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে সতর্ক করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
