ঢাকা: কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছেন নেইমার। এই দৃশ্য ভক্তদের মনে বিষাদ হয়ে গেঁথে আছে।
২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর দলটির পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ের সঙ্গে নেইমারের অবসরে যাওয়ার সিদ্ধান্তের মাঝেই অভিনেতার এই পোস্টটি সকলের নজরে এসেছে।
ফেসবুক পেজে শেয়ার করা একটি পোস্টে পলাশ ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি প্রকাশ করেন।
ছবিটিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাঠের মাটিতে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে হেঁটে যাচ্ছেন নেইমার এবং নিচে লেখা রয়েছে ‘থ্যাংক ইউ’ (ধন্যবাদ)।
ছবির ক্যাপশনে পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’
নেইমার ভক্তরা তাঁদের আবেগ প্রকাশ করেছেন।
ব্রাজিলের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
কাকতালীয়ভাবে, ২০১০ সালে এই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে দাঁড়িয়েই এবার বিদায়ের বার্তা দিলেন সেলেসাওদের এই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
