ঢাকা: প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এফ. আই. মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন তিনি।
নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে করে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে নিজের ফেসবুকে বাদশা লেখেন, ‘চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ কিছুক্ষণ আগে বেগুনবাড়ি মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি নিকেতনে নিজ বাসায় ফেরার পথে বেগুনবাড়ি মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।’
এরপর বাদশা লেখেন, ‘প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছে, তার বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পর তিনি কষ্ট করে আমাকে ফোন করে বিষয়টি জানান। আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। তার ফোন পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত এবং অন্য কোথাও হাড় ভেঙেছে কি না, তা নিশ্চিতভাবে জানা যাবে।’
পরের পোস্টে আহত এফ আই মানিকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বাদশা।
বাদশাহ লিখেছেন, ‘এফ আই মানিক ভাইয়ের প্রাথমিক চিকিৎসা চলমান। এক্সরে এবং প্লাস্টারের প্রক্রিয়া চলছে।’
উল্লেখযোগ্য যে, চলচ্চিত্রজগতে নব্বই দশক থেকে দুই হাজার দশকের শুরুর দিকে পরিচালক এফ আই মানিক একের পর এক
সিনেমা উপহার দিয়েছেন।
মানিক নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ এবং ‘দাদীমা’।
