চাঁদপুর: চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ২২ হাজার ৭৯৮ টাকায়। ভাবা যায়?

শনিবার, ৪ জুলাই দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।

পরে রাজধানীর ঢাকার অনিক নামে এক ব্যবসায়ী বড় আকারের ইলিশটি কিনে নিয়ে যান।

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের সম্রাট বেপারী জানান, প্রতি মণ ইলিশের দাম উঠেছে ৩ লাখ ৫ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম ৭ হাজার ৬২৫ টাকা।

মরশুমের শুরুতেই ইলিশের এমন দাম স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের চমকে দিয়েছে।

বড় আকারের ইলিশের চাহিদা বেশি থাকায় মাছটির এমন দাম পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত বলেছেন, চলতি মরশুমে এর আগে সর্বোচ্চ ১৪ হাজার টাকায় একটি ইলিশ বিক্রি হয়েছিল।

সেকথা মনে করিয়ে তাঁর কথায়, গত ১০ থেকে ২০ বছরের মধ্যে চাঁদপুরের এই বাজারে প্রায় ২৩ হাজার টাকায় একটি ইলিশ বিক্রির ঘটনা তাঁর জানা নেই।

জানা গেছে, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে ধরা পড়ে তিন কেজি ওজনের এই ইলিশ।

পরে ভালো দাম পাওয়ার আশায় মাছটি চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *