চট্টগ্রাম: চট্টগ্রাম ভয়াবহ বন্যার কবলে পড়েছে।
এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবার, ৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি এবং সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি পরীক্ষা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টার পর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এত বন্যায় পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যাওয়া অসম্ভব। ফলে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি চলবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
