চট্টগ্রাম: ভালো নেই চট্টগ্রাম! চট্টগ্রাম বাঁশখালীর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকারের দিকে যাচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো এলাকায় ইন্টারনেট ও দুর্বল হয়ে এসেছে।
চারিদিকে আর কিছু দেখা যায় না। শুধু পানি আর পানি। তার মাঝেই মানুষের তীব্র লড়াই চলছে, চলছে বেঁচে থাকার আকুতি।
চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে।
এমন দুর্যোগ পরিস্থিতিতে আট মাস বয়সী এক শিশুকে পাতিলে করে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক হাতে রশি ও অন্য হাতে পাতিল ধরে গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি আঁকড়ে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। তাঁর পাশে আরেক সদস্য পাতিলের ওপর ছাতা ধরে হাঁটছেন, যাতে শিশুটির গায়ে বৃষ্টির পানি না পড়ে।
গভীর রাতে যেখানে সবার ঘরে শান্তিতে ঘুমানোর কথা, সেখানে ছোট্ট একটা মাসুম বাচ্চাকে ডেকসি (পাতিল)-এর ভেতরে বসিয়ে বুক সমান পানি পেরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে।এই দৃশ্যটি বুক কাঁপিয়ে দেওয়ার মতো।
আমরা হয়তো ঘরে বসে শুধু ছবি বা ভিডিও দেখছি, কিন্তু যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের কষ্টটা ভাষায় প্রকাশ করার মতো নয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে কয়েকজনের পানিবন্দী থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি দল চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় যান।
সেখানে আটকে পড়া পাঁচ শিশু ও আট নারীকে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।
বিশেষ করে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীদের নিরাপদ স্থানে যেতে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে।
