ঢাকা: ঢাকাসহ দেশের ১৪ জেলায় আজ, শুক্রবার (১০ জুলাই) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দেয়া হয়েছে।

বন্যা এদিকে ভাসিয়ে নিচ্ছে দেশের চারদিক।

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার অসংখ্য মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে। লাখো মানুষ পানিবন্দি।

বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।বহু এলাকায় মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে।

এর মধ্যেই আবার ঝড়ের পূর্বাভাস। এছাড়াও ভারি বৃষ্টি হতে পারে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের সই করা এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা (২ দিন) রংপুর,রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪–৮৮ মি.মি) থেকে অতি ভারি (৮৮ মি.মি-বেশি) বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যে দেশে পাহাড়ধসে প্রায় ৩০ জন মারা গিয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া অফিসের দেওয়া অন্য এক বিজ্ঞপ্তিতে জানা যায়, রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *