চট্টগ্রাম: চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে! ফেনী বা সিলেটের বিপদে যে চট্টলা বুক চিতিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আজ সেই বীর চট্টলাই প্রকৃতির কঠিন পরীক্ষার মুখে।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালীসহ বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ আজ পানিবন্দি।
চট্টগ্রাম নগরের শমসেরপাড়ার যত দূর চোখ যায়, কেবল পানি আর পানি। আর কিছু চোখে পড়ে না।
প্লাবিত হয়ে অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আর এখন সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট।
বিশেষ করে সাতকানিয়া উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে যাওয়ায় সেখানকার সাড়ে তিন লাখেরও বেশি মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
এমন ভয়াবহ পরিস্থিতি আগে কবে হয়েছিলো চট্টগ্রামে ঠিক মনে পড়ে না।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় ও জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।
বাঁশখালীতেও ভয়াবহ পরিস্থিতি বন্যায়। বন্যার পানিতে পাঁচ শতাধিক মাটির ঘর ভেঙে গেছে। আশ্রয়হীন মানুষের আহাজারিতে ভারি হচ্ছে আকাশ।
