মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে মানুষের বিপর্যস্ত অবস্থা হয়েছে।
বাঁধ ভাঙা পানির তীব্র স্রোতে প্লাবিত হচ্ছে নতুন নতুন অঞ্চল।
আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা।
প্রতিরক্ষা বাঁধ ভেঙে চারটি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
জানা গিয়েছে, পানির স্রোতে ভেসে একজন বৃদ্ধও মারা গিয়েছেন।
আজ, শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়ছেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত তিন দিনে জেলায় ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামি দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, জেলার প্রধান নদীগুলোর মধ্যে মনু নদীর পানি বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, মনু নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
তিন বছর মেয়াদি প্রায় ৯৯৬ কোটি টাকার মনু নদী প্রকল্পের মেয়াদ পাঁচ বছর পেরিয়ে গেলেও নদীতীরবর্তী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বন্যা ও নদীভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারাচ্ছেন তারা।
ভুক্তভোগীরা বলেন, আমাদের কোনো প্রকৃত উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে শুধু ঠিকাদার ও সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার। আমরা এখনও একই দুর্ভোগে আছি।
