ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গিয়েছেন।
তাঁর মৃত্যুতে আগামিকাল অর্থাৎ সোমবার ঢাকা মহানগরীসহ সারাদেশে একদিনের শোক পালন করবে বিএনপি।
একদিনের জন্য শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ রবিবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী এই বিষয়ে বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। মন্ত্রী হিসেবে উন্নয়ন ও উৎপাদনেও তার ভূমিকা ছিল। তিনি শিক্ষামন্ত্রী থাকাকালে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় এবং তার সময় থেকেই দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
এছাড়া জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ উচ্চশিক্ষা ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি অব্যাহতভাবে অবদান রেখেছেন।
রিজভী জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।
তারপরে জাতীয় সংসদ প্রাঙ্গণে বাদ আসর, বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।
রিজভী বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল ঢাকা মহানগরীসহ সারাদেশে শোক দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
