পটুয়াখালী: সুন্দরী মাছ! নাম শুনেছেন কখনো? সুন্দরী বলেই সুন্দরী বলা হয়।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির রঙিন, দারুণ দেখতে সামুদ্রিক মাছ ‘লাইন্ড সার্জনফিশ’।

হলুদ, নীল ও কালো ডোরাকাটা মাছটিকে স্থানীয়ভাবে ‘সুন্দরী মাছ’ও বলা হয়। এত সুন্দর দেখতে মাছটি, চোখ জুড়িয়ে যাওয়ার মতো।

ট্রলারের মাঝি মো. সেলিম বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে এটি জালে আটকা পড়ে। আগে কখনো এমন মাছ দেখিনি। দেখতে সুন্দর হওয়ায় আলাদা করে তীরে নিয়ে এসেছি।

শনিবার গভীর রাতে ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারের জালে প্রায় আধা কেজি ওজনের মাছটি ধরা পড়ে। পরে রবিবার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়, মাছটিকে দেখতে ভিড় করেন স্থানীয়রা।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, অ্যাকানথুরাস লিনিয়েটাস (Acanthurus lineatus) নামে পরিচিত এই মাছ সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রবালপ্রাচীর এলাকায় বসবাস করে।

সমুদ্রের শৈবাল খেয়েই বেঁচে থাকে। সামুদ্রিক বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই মাছের লেজের গোড়ায় অত্যন্ত ধারালো একটি কাঁটা থাকে, যা আত্মরক্ষার জন্য ওরা ব্যবহার করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *