কুমিল্লা: বন্যায় দেশের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। বিশেষ করে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে।

কুমিল্লা নগরীর দৃশ্য দেখে তো খারাপ লেগে গেলো। টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকার বিস্তীর্ণ অংশ পানিতে তলিয়ে যায়।

এই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা।

অনেক পরীক্ষার্থীকে দেখা গেছে নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে যেতে। এমনকি কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের নিচতলাতেও পানি ঢুকে পড়ে, ফলে বিঘ্ন হয় চিকিৎসাসেবা।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের প্রবেশপথ পানিতে ডুবে আছে, আশপাশের এলাকারও এই অবস্থা ।

পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে সেখানে নৌকার ব্যবস্থা করা হয়। অনেকে হাঁটুসমান পানি পেরিয়েই কেন্দ্রে আসেন।

শিক্ষার্থীরা এই অবস্থায় মানসিক চাপেও পড়ে যায়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানিয়েছেন, বোর্ডের অধীন ছয় জেলার বিভিন্ন কেন্দ্রের সামনে ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে কোনো কেন্দ্রের পরীক্ষার কক্ষে পানি প্রবেশ করেনি। জলাবদ্ধতার কারণে যারা কিছুটা দেরিতে কেন্দ্রে এসেছে, তাদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অতিরিক্ত সময় দিতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার বলেন, এই কেন্দ্রে আটটি কলেজের প্রায় ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মাঠে পানি জমলেও পরীক্ষার কক্ষগুলো নিরাপদ রয়েছে। দেরিতে আসা পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *