পাবনা: পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ, সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
পচ্চিমাঞ্চলীয় রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন ঈশ্বরদী বাইপাস স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
