ঢাকা: বিশ্বকাপ ফাইনালে জয়ী হলে এবার কথা বলবে আঙুল। কথা বলবে চ্যাম্পিয়নশিপ রিং।
অর্থাৎ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। দারুণ একখানা রিং।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিজয়ীদের জন্য এমন বিশেষ সম্মাননা চালু করা হয়েছে।
ফিফা ওয়েবসাইটে চ্যাম্পিয়নশিপ রিংয়ের খবর দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখার জন্য মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে।
চ্যাম্পিয়নশিপ রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং, প্রতীক।
বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত। যিনি এর মালিক হবেন, তার আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে, আর সাথে থাকবে সত্যায়নপত্র (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।
চ্যাম্পিয়নশিপ রিং দেয়ায় পরিবেশটাই পাল্টে যাবে। নিয়ে আসবে এক রাজকীয় অনুষঙ্গ।
যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিংয়ের ঐতিহ্য অনেকদিনের। সেটিই উত্তর আমেরিকা আয়োজিত ফিফার সবচেয়ে বড় আসরের মধ্য দিয়ে ফুটবলে প্রবেশ করতে চলেছে।
ফাইনাল শেষ হলে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক এবং প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।
