নোয়াখালী: এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কম মানুষের প্রাণ ঝরলো না!এবার আবারো মারা গেলেন ২৭ বছরের এক যুবক। তবে তিনি আত্মহত্যা করেছেন।

খুব সামান্য কারণে এই আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পাঁচ থেকে ছয় মাস আগে তিনি বিয়ে করেন। নতুন বিবাহিত জীবন শেষ।

রবিবার রাতে তিনি স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখেন।

খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর বাইরে খেলা দেখা এবং এত দেরি করে বাড়ি ফেরা নিয়ে স্ত্রী মারজান আক্তার মমতাজ (১৮)-এর সঙ্গে তার তর্কাতর্কি হয়।

এবং স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় রায়হান স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন।

পরে স্ত্রী কিছু দূর গিয়ে ফিরে এসে দেখেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তার স্বামী।

ঘটনার খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *