শেরপুর: টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতের তোড়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। ভেসে গিয়েছে সেতু।

রাত থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় এবং পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সকাল থেকেই সেতুটি কিছুটা হেলে ছিল। সেতুটির অধিকাংশ অংশ পানিতে তলিয়ে যায়।

বেইলি সেতু ভেসে যাওয়ায় কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

অন্যদিকে, ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বেড়ে ঝিনাইগাতী বাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শেরপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী জানান, সোমবার বিকেল ৩টার পানি পরিস্থিতি অনুযায়ী, নালিতাবাড়ী স্টেশনে ভোগাই নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে বাতকুচি স্টেশনে চেল্লাখালী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নালিতাবাড়ীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকলে নদ-নদীর পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *