ঢাকা: বাজারে যাওয়ার উপায় নেই কাঁচা সবজি, কাঁচা মরিচের দাম আকাশ ছুঁয়েছে।
গেল কয়েক মাস ধরে চাষী মরেছে। এখন আবার ভোক্তা মরা শুরু হয়েছে। পাইকারিতেই অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে শাক সবজির দাম।
টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক মাস আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে ২০০ টাকা ছাড়িয়েছে।
কোথাও কোথাও দেখা গেছে প্রতি কেজি ২৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও আশকোনা হজক্যাম্প বাজারে দেখা গেছে এমন চিত্র।
বৃষ্টির কারণে বাজারের এই অবস্থা বলে জানান ব্যবসায়ীরা। এতে অনেক সবজি নষ্ট হয়েছে। ফলে সবজি পণ্যের সরবরাহ সেভাবে আর বাড়েনি।
এর মধ্যে আবার দেশজুড়ে টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
