ঢাকা: বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হলো। সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ প্যাকেজসহ মোট তিনটি প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে।
তবে বেসরকারি হজ এজেন্সিগুলো সরকার ঘোষিত সাধারণ প্যাকেজের বাইরে আরও তিনটি অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করতে পারবে। ২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর ২০২৬।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এসব প্যাকেজ ঘোষণা করেছেন।
সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত দুটি প্যাকেজের মধ্যে রয়েছে- এবং খরচ:
হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)।
হজ প্যাকেজ-১ এর খরচ হলো ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
এবং হজ প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
হজ প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে।
মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা থাকবে।
মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
অন্যদিকে, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর আওতায় মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।
মিনায় জোন-৫ এ তাঁবুর ব্যবস্থা করা হবে।
এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা ও খাবারের ব্যবস্থা থাকবে।
বেসরকারি ব্যবস্থাপনায় ‘সাধারণ হজ প্যাকেজ’ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
