চট্টগ্রাম: বাংলাদেশের সমাজটা পচে গেছে। মানবতা, নৈতিকতা সব শেষ। মাদক, ধর্ষণ, খুন, মব এইসব এখন প্রতিদিন চলে।
নেশাগ্রস্ত এক পুত্র এবার মেরে ফেললো তার মা বাবাকে। নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে নিজের জন্মদাত্রী ও জন্মদাতাকে। এবং এই ছেলেই ছিলো মা বাবার একমাত্র ছেলে।
ঘটনা আনোয়ারায়। একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবা নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেলে রিমন দাশ গুপ্ত দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল।
শনিবার সকালে মা-বাবাকে নিয়ে বাইরে
যায়। এবং পৌনে ১২টার দিকে তারা বাড়িতে ফেরে।
বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই হঠাৎ ছেলেটি ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের ওপর হামলা চালায়। মাকে বাঁচাতে বাবা এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
মা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামীকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তিনিও আর বেঁচে নেই।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।
দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
