ঢাকা: রাজধানীর কলাবাগানে এক স্বামী হত্যা করলেন তাঁর স্ত্রী ও শাশুড়িকে। পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। স্বামী হয়েছে ঘাতক।
রবিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে কলাবাগান থানার কাঠালবাগান আল আমিন মসজিদ রোডের একটি বাড়িতে এই হত্যাকাণ্ডটি ঘটে।
নিহতরা হলেন ফারজানা আক্তার (২১) এবং তাঁর মা ফিরোজা বেগম (৩৪)। নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সকালে ফোনে খবর পাই, কাঠালবাগানের বাসায় মেয়ের স্বামী শিপনের সঙ্গে ফারজানা ও ফিরোজা বেগমের ঝগড়া হচ্ছে। খবর পেয়ে দ্রুত বাসার উদ্দেশে রওনা দেই।
সকাল ৯টার দিকে পৌঁছে তিনি দেখেন, ফারজানা রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়ে আছেন। আর ফিরোজা বেগম গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছেন। পরে মেয়ের মরদেহ বাসায় রেখে ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফারুক হোসেন জানান, তাঁদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। গত শুক্রবারের আগের শুক্রবার মা ও মেয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গত পরশু শুক্রবার ছিল তাঁর ভাতিজার বিয়ের অনুষ্ঠান।
বিয়ের আগের দিন শিপনও সেখানে যান। তবে বিয়ের দিন সকালে ফারজানা ও শিপনের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর খাওয়া-দাওয়া না করেই শিপন ঢাকায় ফিরে আসেন।
তিনি আরও জানান, শনিবার রাতে মা, মেয়ে ও তিনি গ্রামের বাড়ি থেকে ঢাকার কাঠালবাগানের বাসায় ফেরেন।
রবিবার সকালে তিনি বাসার বাইরে থাকার সময় আগের বিষয়গুলো নিয়ে আবার শিপনের সঙ্গে মা-মেয়ের ঝগড়া হয়।
হঠাৎ ক্ষিপ্ত শিপন ধারালো ছুরি দিয়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তারপর এক বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
