পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে সুমন মন্ডল নামে এক ব্যক্তিকে।

এদিকে, ঐ চোরের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন একই এলাকার হাবিবুল মন্ডল এবং তার দুই ছেলে শাকিল ও সাহান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর চারটার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরি করতে এসেছিলো সুমন।

হাবিবুল মন্ডল বিষয়টি টের পেয়ে যায়। টের পেলে সুমন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আঘাতে হাবিবের চিৎকারে দুই ছেলে ছুটে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়।

আশপাশের লোকজন জড়ো হয়ে যায় ঘটনাস্থলে। চোরকে গণপিটুনি দেয়।

একপর্যায়ে দড়ি দিয়ে চোরকে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *