সিরাজগঞ্জ: ঢাকার সাথে উত্তরবঙ্গের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
বগি থেকে চাকা খুলে গেছে একদম। এইতো হচ্ছে দেশের রেল ব্যবস্থা!
আর বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে। যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশন মাষ্টার মনিরুজ্জামান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল।
এসময় মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে পুরো উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
