ঢাকা: রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার এবং তাঁর স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার তথা ৬ আগস্ট ভোরে আচমকা আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন হাইকমিশনার এবং তার স্ত্রী।
পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, বর্তমানে দুজনের অবস্থা মোটামুটি ভালোই।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন বড় আকার ধারণ না করলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া অপসারণ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপকমিশনার সৈয়দ মোহাম্মদ ফারহাদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে।
