ঢাকা: ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সম্প্রতি তিনি জানিয়ে দিয়েছেন তিনি ফিরবেন।
এদিকে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ‘পর্যালোচনা করছে’ দেশটির সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে তিনি শেখ হাসিনার প্রত্যর্পণসহ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আমি আগেও বলেছি, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমাদের দেশে যে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, সেই অনুযায়ী আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো নিয়ে কোনো জটিলতা তৈরি হয়েছে কি না, এমন প্রশ্ন উঠে সংবাদ সম্মেলনে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আগে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে কি না, জানতে চাওয়া হয়।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এর আগে ফেব্রুয়ারিতে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। পরবর্তী সময়ে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। এই দুই আমন্ত্রণের বিষয়ে যখন কোনো নতুন তথ্য থাকবে, তখন আমি আপনাদের জানাব।’
