কিশোরগঞ্জ: দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি কিশোরগঞ্জে তাঁর প্রথম সফর।
আজ রবিবার (১৬ আগস্ট) সকালে ঢাকা থেকে সড়কপথে তিনি কিশোরগঞ্জ যাচ্ছেন।
বেশ ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। সফরে কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দেখা গেছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রম শুরু হচ্ছে।
আজ রবিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গিয়েছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ৪৩২ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত এবং একটি গীর্জার ২ জন যাজকসহ মোট ৪৪৪ জনকে সম্মানী প্রদানের মাধ্যমে তিনি এই কার্যক্রম উদ্বোধন করবেন।
দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষিদের মাঝে পোনা বিতরণ, স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর সেখান থেকে তিনি কটিয়াদী উপজেলায় যাবেন। সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
