ঢাকা: ভাল্লুককে ঘুম থেকে তুলে দেয়ায় জরিমানা হয়ে গেলো ৭ লাখ টাকা! আজ্ঞে ঠিকই শুনছেন! বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ টাকা জরিমানা হয়েছে!
ঘটনা নরওয়ের। সেলবার্দ উপকূলে ঘুমন্ত একটি মেরু ভাল্লুককে জাহাজের ফগ হর্ন বাজিয়ে জাগিয়ে তোলার জন্য এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
আগস্টের শুরুতে নরওয়ের সেলবার্দ উপকূল দিয়ে যাওয়ার সময় জাহাজের যাত্রীরা একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন।
ভাল্লুকটিকে কাছ থেকে দেখার জন্য জাহাজে থাকা একজন ব্যক্তি হঠাৎ উচ্চস্বরে ফগ হর্ন বাজান।
হর্নে্য শব্দে আতঙ্কিত হয়ে ভাল্লুকটি ঘুম থেকে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হলে তারা কঠোর ব্যবস্থা নেয়।
সেলবার্দের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জাহাজে থাকা ব্যক্তিরা একটি মেরু ভাল্লুককে স্থলে ঘুমিয়ে থাকতে দেখেন। এরপর জাহাজের এক ব্যক্তি ফগ হর্ন বাজান। এতে ভাল্লুকটি জেগে ওঠে এবং অন্য জায়গায় চলে যায়।’
সেলবার্দের পরিবেশ সুরক্ষা আইন বড় কঠিন। সেখানে বিনা প্রয়োজনে মেরু ভাল্লুককে বিরক্ত বা উস্কানি দেওয়া একদম নিষিদ্ধ।
পর্যটক ও জাহাজের কর্মীদের বন্যপ্রাণীর কাছাকাছি চলাচলের সময় বিশেষ সতর্ক থাকার নির্দেশ রয়েছে।
তবে আমাদের মতো চাঁদাবাজি বা লুট তো নেই সেখানে। জরিমানার অর্থ পরিশোধে রাজি হয়েছেন ওই ব্যক্তি। তবে তার নাম ও জাতীয়তা প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
