কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসটির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। অগ্নিকাণ্ডে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *