ঢাকা: ভিসা প্রক্রিয়ায় অনেক প্রতারণার শিকার হন ভিসাপ্রত্যাশীরা। এই বিষয়ে কড়াভাবে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

অসাধু ভিসা এজেন্ট এবং দালালদের মাধ্যমে প্রতারণার শিকার না হতে আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, তাদের নজরে এমন কিছু ঘটনা এসেছে যেখানে অসাধু দালালরা আবেদনকারীদের কাছ থেকে অর্থ নিয়ে পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প এবং অন্যান্য দেশের জাল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে।

সোমবার (১ আগস্ট) ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এই বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দি‌য়ে‌ছে।

বার্তায় উ‌ল্লেখ করা হয়,

যেসব বিষ‌য়ে সতর্ক থাকতে হ‌বে :

১) যেসব এজেন্ট নিশ্চিত ভিসা বা সহজে অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদেরকে বিশ্বাস করবেন না। ভিসা প্রক্রিয়াতে কোনো শর্টকাট নেই।

২) মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত স্ট্যাম্প বা তথ্য সম্বলিত পাসপোর্ট বা নথিপত্র জমা দেবেন না। ভিসা যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন সময়ে এই ধরনের জালিয়াতি শনাক্ত করা হয়ে থাকে।

৩) জাল বা বিকৃত নথিপত্র সম্বলিত আবেদনপত্রগুলো বাতিল করা হবে এবং ভবিষ্যতে ভিসা আবেদনের ওপর এর প্রভাব পড়বে।৪) ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবিদার কোনো এজেন্ট বা দালালকে টাকা দেবেন না।

আবেদনকারীদেরকে নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করার এবং প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

যদি কেউ আপনাকে এই ধরনের পরিষেবা দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে, অথবা আপনি কোনো প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে বিষয়টি visahelp.dhaka@mea.gov.in-এ জানান।

আপনারা সতর্ক থাকুন। এজেন্টদেরকে আপনার টাকা, পাসপোর্ট বা ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলতে দেবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *