ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোক গমন করেছেন।

বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন তিনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলেই গেলেন ইহলোকের মায়া ছেড়ে।

সতীশ চন্দ্রের প্রয়াণের খবরে রাজনৈতিক অঙ্গনসহ তাঁর জন্মস্থান দিনাজপুরের বিরল এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ এই নেতার প্রয়াণে রাজনৈতিক মহলেও শোক নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী এবং রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

তিনি তৎকালীন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

সাবেক এই মন্ত্রীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে আওয়ামী লীগ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

আওয়ামী লীগের শোকবার্তায় লেখা হয়েছে:

“বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সতীশ চন্দ্র রায়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার শান্তি কামনা করছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বাবু সতীশ চন্দ্র রায় ১৮ই আগস্ট দিবাগত রাতে পরলোকগমন করেন।

তিনি ব্যক্তিজীবনে অত্যন্ত নির্লোভ ও নিরহংকারী মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখতে তিনি সারাজীবন সংগ্রাম করে গেছেন এবং তাঁর অবদান অপরিসীম”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *