ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যথেষ্ট ইতিবাচক। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়েও প্রথম থেকেই সুন্দর বার্তা দিয়ে আসছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কের কিছু জটিলতা থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সুফল শেষ পর্যন্ত দুই দেশের সাধারণ মানুষের কাছেই পৌঁছাবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দুই দেশ কথাগুলো বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ভারতীয় হাইকমিশন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তিনি অত্যন্ত চমৎকার একজন জননেতা। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছি।’

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমেই তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান।

ভারতের হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জানিয়েছেন, দুই দেশের সরকারপ্রধানের দ্রুত বৈঠক হওয়া প্রয়োজন। তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে তাঁর প্রাপ্য মর্যাদা অনুযায়ী সর্বোচ্চ সম্মান জানানো হবে বলে নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *