রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির একটি ধনেশের পাখির দেখা মিলেছে। বুধবার, ১৯ আগস্ট কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি বিট এলাকায় পাখিটিকে দেখা যায়।
জানা গিয়েছে, নিয়মিতভাবে বনাঞ্চল পর্যবেক্ষণের সময় বিরল ধনেশ পাখিটিকে হঠাৎ দেখা যায় । বনাঞ্চলের গাছপালার মধ্যে পাখিটি বিচরণ করছিলো।
মাধ্যমে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের সমৃদ্ধতার আরেকটি প্রমাণ পাওয়া গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ধনেশ পাখি সাধারণত বড় আকৃতির বননির্ভর পাখি। বনজ পরিবেশের সঙ্গে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন ধরনের ফল ও অন্যান্য প্রাকৃতিক খাদ্য গ্রহণের পাশাপাশি বনাঞ্চলে বীজ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধনেশ।
ফলে বনের পরিবেশের ভারসাম্য রক্ষায় ধনেশ পাখির উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।
কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি বিটে বিরল ধনেশ পাখিটি দেখা গেছে। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। বনাঞ্চলের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক ড. মো. ফরিদ আহসান বলেন, “ছবিতে দেখা পাখিটি কালো-সাদা ধনেশ (Oriental Pied Hornbill)-এর পুরুষ ও স্ত্রী পাখি বলে মনে হচ্ছে।
এই ধরনের পাখির উপস্থিতি একটি এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য ইতিবাচক দিক নির্দেশ করে।
