ঢাকা: একটু স্পর্শের অনুমতি, মাত্র ১২ ঘণ্টার ছুটি! প্রিয়তম স্বামীকে শেষ বিদায় জানালেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি!
নিয়তির নির্মম পরিহাস মানুষকে কখনো কখনো শোকের জন্য নীরবে, শান্তিতে যে একটু চোখের পানি ফেলবে সেই সুযোগটাও দেয় না!
সাবেক শিক্ষামন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে।
আজ, বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্তি পাওয়া দীপু মনি স্বামীকে শেষবারের মতো দেখতে সেখানে উপস্থিত ছিলেন। চোখের পানি পড়ছিলো স্বাভাবিকভাবেই।
জানাজাকে কেন্দ্র করে গুলশান আজাদ মসজিদ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
দেখা যায়, জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। মসজিদ প্রাঙ্গণে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যান ছিলো।
জানাজা শেষে প্রিজন ভ্যান থেকে নেমে স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখেন দীপু মনি। পরে দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে রাজধানীর বনানী কবরস্থানে নেওয়া হয়।
বনানী কবরস্থানে স্বামী তৌফীক নাওয়াজের দাফন শেষে মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি। পরে তিনি পাশেই তাঁর বাবা এম এ ওয়াদুদের কবর জিয়ারত শেষে কবরস্থান ত্যাগ করেন।
আজকের এই দৃশ্য অনেক কিছু তথা জীবনের কথা মনে করিয়ে দেয়।
স্বামীর কফিনের কাচের গ্লাসে শেষবারের মতো হাত বুলিয়ে দিয়ে—হয়তো মনে মনে বলছিলেন, এটাই কি তবে শেষ দেখা?
