ঢাকা: ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ।
শনিবার এমভি ওশান উইনার নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান।
জানা গিয়েছে, জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২২ জনের সন্ধানে যৌথভাবে অভিযান চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনা।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া পড়েছে।
ইন্ডিয়ান কোস্ট গার্ড সূত্রে জানা গিয়েছে, জাহাজটিতে ২০ জন চিনা নাগরিক, তিন জন মায়ানমারের নাগরিক ছিলেন এবং এক জন বাংলাদেশের নাগরিক ছিলেন।
জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’।
জাহাজটি ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিকের পণ্য নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।
সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার প্যারাদ্বীপ বন্দর থেকে যাত্রা করে জাহাজটি। বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। কোন কারণে এই জাহাজডুবি, তা এখনো জানা যায়নি।
জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে ভারতীয় কোস্ট গার্ড ও নৌসেনা। শুরু হয় কম্বাইন্ড সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন।
ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলিকে সতর্ক করে দেয়া হয়েছে এবং নিখোঁজ নাবিকদের খুঁজে পেতে সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া দু’জনের শারীরিক পরিস্থিতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য কিছুই পাওয়া যায়নি। বাকি ২২ জন নাবিকের সন্ধানে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে।
