ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গিয়েছে ১৫ সদ্যোজাত শিশু।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (পিমস) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে করে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় পিপস হাসপাতালের ওই ইউনিটটিতে ১৬ জন নবজাতক ছিল।
তাদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আজ সকাল পৌনে সাতটায় শিশু ইউনিটটির একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর আগুন লেগে যায়। আগুনে ১৫ শিশু সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফলে সেখানে থাকা শিশুদের বের করে আনা অনেক কঠিন হয়ে পড়ে।
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি হাসপাতালের অন্য অংশ থেকে রোগীদের সরিয়ে নিয়ে যায়।
ঘটনার তদন্তের জন্য প্রশাসনের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
