কুষ্টিয়া: মাজারে হামলা থেকে শুরু করে বাউল-সংস্কৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ঐতিহ্যবাহী নৌকাবাইচ সবকিছুই এখন তৌহিদী জনতা’র হাতে জিম্মি!
এবার তৌহিদি জনতার নজরে সাংবাদিক।
কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীব ওরফে ‘হাসান ইমাম রুবেলকে’ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তৌহিদী জনতার নামে দেওয়া একটি উড়োচিঠিতে লেখালেখি বন্ধ করার জন্য সাংবাদিককে হুমকি দেয়া হয়। অন্যথায় ‘প্রাণ নিয়ে ফিরতে পারবেন না’ বলেও হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।
ঘটনায় বুধবার (২৬ আগস্ট) ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ভুক্তভোগী হাসান ইমাম রুবেল বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে লেখালেখি করেন বলে জিডিতে উল্লেখ করেন।
এদিকে উড়ো চিঠিতে তাকে ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতিতে যুক্ত এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এটি পরিহার না করলে তাকে যেকোনো উপায়ে কতল করা হবে বলে হুমকি দেওয়া হয়।
জিডিতে হাসান ইমাম রুবেল জানিয়েছেন, বুধবার ভোরে ভেড়ামারা থানাধীন হিড়িমদিয়া গ্রামের বাড়ির মূল ফটকের নিচে দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়।
চিঠিতে তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য ও লেখালেখি প্রসঙ্গে উল্লেখ করা হয়।
লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করা হয়, তা নাহলে তাঁকে মেরে ফেলা হবে!
উক্ত চিঠিতে বলা হয়, সাংবাদিককে নজরবন্দী করে রাখা হয়েছে। তিনি কোথায় যাচ্ছেন কী করছেন সবকিছু চোখে চোখে রাখা হচ্ছে।
এসব বক্তব্যের কারণে নিজের নিরাপত্তা নিয়ে গুরুতরভাবে শঙ্কিত ও উদ্বিগ্ন বলে জিডির আবেদনে উল্লেখ করেন হাসান ইমাম রুবেল।
সাংবাদিক হাসান ইমাম রুবেল বলেন, “পরিবার নিয়ে অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছি। আজ ভোরে বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। বিষয়টি প্রশাসনকে অবহিত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। হুমকির চিঠির প্রকৃত উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করার দাবি জানাচ্ছি।’
