ঢাকা: প্রকৃতির রুদ্ররোষে বিধ্বস্ত হয়ে পড়েছে নেপাল। এমন দুর্যোগ যদি জীবনে আসে, তাহলে কি এত সহজ সামাল দেয়া? নিখোঁজ হয়ে যাচ্ছে একের পর এক মানুষ।
বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আছড়ে পড়ে এই বান। তিব্বত সীমান্তের কাছে হওয়া এই বিপর্যয়ে ভোটেকোশি নদীর গতিপথের বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপাল প্রশাসনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল প্রায় ৬টা পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং কমবেশি ১০০০-এরও বেশি মানুষ নিখোঁজ, যার মধ্যে প্রায় ৩০০ ভারতীয় রয়েছেন বলে দাবি নেপালের বিদেশমন্ত্রীর।
এমন অবস্থায় নেপালে শুটিং করতে গিয়ে বিপাকে ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সস্ত্রীক আটকে পড়েছেন সেখানে।
বুধবারই এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন খরাজপুত্র বিহু মুখোপাধ্যায়।
‘শিকার’-এর শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালের চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান এবং ফ্ল্যাশ ফ্লাডের কারণে তাঁরা আটকে পড়েছেন। খরাজবাবুর সঙ্গে আছেন তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়।
শুটিংয়ে ২০ তারিখেই নেপাল গিয়েছেন তিনি। ফেরার কথা ছিলো ২৬ তারিখ।
জানা গেছে, শুটিং চলছিল রসুয়া জেলার দুর্গম এলাকায়। আচমকা প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি নদীতে পানি বাড়তে থাকে। এরপরই হড়পা বান ও ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা।
ছবির নাম ‘শিকার’। এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে অপু বিশ্বাসকে।
ভারতের গণমাধ্যমে নেপাল থেকে অভিনেতা জানান, “কী প্রচণ্ড ভুগছি। গতকাল জঙ্গলে একটা সিকোয়েন্সের শুটিং করছিলাম। সেখানে বৃষ্টির মধ্যে প্রায় ৫ ঘণ্টা টানা জঙ্গলে বসে থাকতে হয়। খুব কঠিন পরিস্থিতির মধ্যেই ছিলাম। ওর মধ্যেই শুটের ব্যবস্থা করা হয় কিন্তু অনেকক্ষণ শুটিং ব্যাহত হয়। একবার নয় বহুবারই এমন হয়েছে। আজকে কাঠমান্ডু থেকে টিকিট করা ছিল। কিন্তু সেই টিকিটের টাকা আবার ফেরতযোগ্য নয়। সেইজন্য আমি টিমকে বলেছিলাম ২৬ তারিখ যেন তাড়াতাড়ি শুটিংটা সেরে ফেলা যায়। তো আমাদের শুটিং যখন শেষ হল, ফ্লাইটের টিকিট সব বুক হয়ে গিয়েছিল। এদিকে রাস্তাও বন্ধ। ফলত কাঠমান্ডু যাওয়ার কোনও উপায় হল না।”
খরাজ মুখোপাধ্যায় জানান, গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরবেন।
