ঢাকা: নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, নেপালের রাসুয়া জেলার তিমুরে, স্যাব্রুবেশি ও রাসুওয়াগাধি এলাকায় আকস্মিক বন্যায় বহু পরিবার ও জনপদ চরম দুর্ভোগে পড়েছে। প্রাণহানির পাশাপাশি এখনো অনেকে নিখোঁজ রয়েছেন এবং অসংখ্য পরিবার অনিশ্চয়তা ও ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছে।

শোক প্রকাশ করে তিনি বলেন, “এই বেদনাদায়ক মুহূর্তে আমি শোকসন্তপ্ত পরিবারবর্গ, নেপাল সরকার এবং নেপালের বন্ধুসুলভ জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি নিহতদের আত্মার চিরশান্তি, আহতদের দ্রুত আরোগ্য এবং নিখোঁজদের নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করি।”

দুই প্রতিবেশীর মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করে হাসিনা বলেন, “নেপাল বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। আমাদের দুই দেশ ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, আঞ্চলিক সহযোগিতা এবং জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষার দ্বারা আবদ্ধ।”

২০১৮ সালে চতুর্থ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাঠমান্ডু সফরের সময় আমি আবারও নেপালি জনগণের আন্তরিকতা, মর্যাদা ও সহনশীলতার সাক্ষী হয়েছিলাম। আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে সেই সফরের কথা স্মরণ করি,” তিনি আরও বলেন।

আঞ্চলিক সংহতির আহ্বান জানিয়ে তিনি বলেন, দুঃসময়ে প্রতিবেশীদের একে অপরের পাশে দাঁড়াতে হবে।

“বাংলাদেশ বন্যা, নদীভাঙন, ভূমিকম্প ও জলবায়ুজনিত দুর্যোগের যন্ত্রণা বোঝে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সবসময় নেপাল ও অন্যান্য মিত্র দেশগুলোর পাশে দাঁড়িয়েছে,” হাসিনা বলেন।

প্রয়োজনে ত্রাণ কার্যক্রম ও জরুরি সহায়তার জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলের সৈয়দপুর বিমানবন্দরকে মানবিক লজিস্টিকস কেন্দ্র হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তন, আকস্মিক বন্যা, ভূমিধস ও চরম আবহাওয়াসহ দক্ষিণ এশিয়ার অভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু অভিযোজন, নদী ব্যবস্থাপনা, তথ্য বিনিময় ও মানবিক সহায়তায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান শেখ হাসিনা।

বিবৃতির শেষাংশে শেখ হাসিনা বলেন, শোকের এই সময়ে বাংলাদেশের জনগণ নেপালের জনগণের পাশে রয়েছে। নেপাল যেন শক্তি, ঐক্য ও সাহসের সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন পুনর্গঠন করতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *