ময়মনসিংহ: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে , নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে। হয়তো সংখ্যাটা আরো বেশিই হবে।

ডেঙ্গু নিয়ে আতঙ্ক বাড়ছেই দেশে। সাথে হাম তো আছেই।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

আজ, বুধবার, ২ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তাঁদের মধ্যে একজনের হৃদযন্ত্রের সমস্যাও ছিল।

ডেঙ্গুতে যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুল বারেকের ছেলে সাজ্জাদ হোসেন (৪০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কদ্দুস (৪০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে।

এই বিষয়টি মাথায় রেখে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য আইসোলেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *