ঢাকা: দেশে ফিরলেন মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বুধবার রাত ৯টা ১৫র দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

তাঁর সঙ্গে দেশে ফিরলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

দেখা যায় মির্জা আব্বাসের দেশে ফেরা নিয়ে নেতা কর্মীরা উচ্ছ্বসিত ছিলেন। আগে থেকেই বিমানবন্দরে জড়ো হন বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী।

বিমানবন্দর থেকে বেরিয়ে এলে তাঁরা স্লোগান দিয়ে মির্জা আব্বাসকে স্বাগত জানান।

মির্জা আব্বাস এখন সুস্থ আছেন। যদিও তাঁকে চিকিৎসার মধ্যে থাকতে হবে এবং প্রতিদিন থেরাপি নিতে হবে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। সেদিন গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৩ মার্চ তাঁর মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১৩ এপ্রিল পর্যন্ত তাঁর চিকিৎসা চলে।

এরপর চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *