শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলায় একটি আবাসিক হোটেলে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১০জন আহত হয়েছেন।
শরীয়তপুর সদর নুর হোটেল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে আনুমানিক রাত ১ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বর্তমানে শান্ত রয়েছে পরিবেশ। তবে ক্ষতি অনেক হয়েছে।
১২ টি মোটরসাইকেল অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে এবং একটি প্রাইভেট কার।
নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হোটেল ভবনের নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির চাকায় বিস্ফোরণ ঘটে।
পরে গাড়ির ভেতরে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে চোখের নিমেষে আগুন পার্কিং এলাকা থেকে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় হোটেলের ভেতরে ১৭ জন মানুষ অবস্থান করছিলেন। ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তাঁরা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। আগুন লেগেছে খবর পেয়েই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ছাদে আটকে থাকা ১৭ জনকেই জীবিত উদ্ধার করা হয়। কোনো মৃত্যুর ঘটনা নেই আপাতত।
