বগুড়া: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী।
তাঁকে বহনকারী সরকারি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী এবং তাঁর স্ত্রী নাজমা আরা বেগম আহত হয়েছেন। জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাঁরা।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট মোকামতলা আঞ্চলিক মহাসড়কে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ঢাকা থেকে সরকারি গাড়িতে করে নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন আবদুল বারী। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন স্ত্রী নাজমা আরা বেগম। তাঁদের নিরাপত্তার জন্য পুলিশের একটি গাড়িও ছিল।
গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর পর পুলিশের নিরাপত্তার গাড়িটি আগে চলে যায়।
আর দেখা যায় এর পরেই ফিরোজা বেগম (৬০) নামের একজন নারী পথচারী মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন।
তিনি একেবারে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। আর ঐ নারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এবং গাড়িটি সড়কের পাশে ধানখেতে পড়ে যায়।
এই দুর্ঘটনায় ফিরোজা বেগমও আহত হয়েছেন। তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, ‘পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে আমাদের গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী ও আমি দুজনই আহত হয়েছি। শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে।’
