ঢাকা: বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। তিনি সুপরিচিতি শিল্পী। তাঁদের অভিনয়ে ছিলো একটা আলাদাই মন শান্ত করা ব্যাপার।
তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড। সেটি নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি।
সেখানে দাবি করা হয়েছে, বাবার কাছ থেকে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে পরে দেনা শোধের জন্য সেটি ভাড়া দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ভাড়াটের কাছ থেকে অর্থ না পেয়ে একপর্যায়ে বাড়িটিও হারাতে হয়েছে তাঁকে। বর্তমানে নাকি ছোট্ট একটি বাসায় ভাড়া থাকেন তিনি।
এমন একটি বিষয় নজরে আসার পর অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষত দিলারা জামানকে নিয়েই উদ্বিগ্নতা।
তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন দিলারা জামান।
ফটোকার্ডে উল্লেখ করা ঘটনাটি ঘটেছিল ঠিকই, তবে সেটি প্রায় দুই যুগ আগের। আর বর্তমানে তিনি ভাড়া বাড়িতে নয়, নিজের কেনা ফ্ল্যাটেই বসবাস করছেন। এটা জেনেই স্বস্তি পেয়েছেন অনুরাগী ভক্তরা।
হঠাৎ ছড়িয়ে পড়া বিষয়টি নিয়ে তিনি রসিকতা করেই বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’
দিলারা জামান জানান, ঢাকার শ্যামলী এলাকার সঙ্গে তাঁর দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ছিল। ২০০৩–২০০৪ সালের দিকে সেখানে থাকা পৈতৃক বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।
সে সময় বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে তখন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে পরে সব স্বাভাবিক হয়। বিষয়টি নিয়ে নড়াচড়া শুরু হলে বাড়ি দখলের সেই পরিস্থিতি আর এগোয়নি।
যদিও পরবর্তী সময়ে শ্যামলীর সেই বাড়িটি আর নিজের কাছে রাখেননি অভিনেত্রী। পুরোনো সম্পত্তি বিক্রি করে দিয়ে ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে আসেন তিনি।
সেই ঘটনাটি ২২/২৩ বছর আগের। পরে সেই বাড়ি তিনি বিক্রি করে দেন।
বলেন, ‘২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’ এখন তিনি ভালোই আছেন।
