ঢাকা: যে দেশে স্বয়ং পুলিশই নিরাপদ না সেদেশে আপনি কিভাবে নিরাপত্তা প্রত্যাশা করেন? বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা এখন মাটিতে চলা পিঁপড়ার চাইতেও খারাপ। জন্ম হয়, কবে যে কোথায় মরে যাবে স্বয়ং উপরওয়ালাও বলতে পারবেন না।

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকায় এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতরভাবে আহত হয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নিহত মো. আলতাফ হোসেন ডিএমপিতে এসবির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি বরদেশী এলাকায় ভাড়া থাকতেন।

পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।

শনিবার কারখানার কাছেই ভাড়া বাড়িতে ফিরছিলেন আলতাফ সাহেব। পথে তিনি একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন।

এই ঘটনায় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাঁকেও বেধড়ক মারধর করে। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন।

‘পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তাঁর ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়।

প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফ চিকিৎসাধীন’, বলেন তিনি।

ওসি আরও বলেন, অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *