ঢাকা: সামরিক মহড়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো বাংলাদেশ সেনার দুই জওয়ানের।

বুধবার চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলছিল। অনুশীলনের অংশ হিসেবে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়। সেইসময়ই দুর্ঘটনা ঘটে। এতে মৃত্যু হয়েছে দুই জওয়ানের। তাছাড়া আহত হয়েছেন এক অফিসার।

বিস্ফোরণের তীব্রতা যথেষ্ট বেশি ছিল।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় অনাকাঙ্খিত এক দুর্ঘটনায় গতকাল বুধবার বেলা ১১টায় সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১) এবং সৈনিক অপারেটর আবু বকর সিদ্দিক (নং-১০০৮০৯৬) প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

এই দুইজন অকুতোভয় সাহসী দেশপ্রেমিক সেনাসদস্যের প্রাণহানির ঘটনায় দেশবাসীর সঙ্গে আমিও ভীষণভাবে মর্মাহত ও ব্যথিত।

তাঁদের এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।

এই দুর্ঘটনায় আরও একজন সেনা কর্মকর্তা ক্যাপ্টেম মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎ‌সাধীন আছেন। আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

আমার দৃঢ় বিশ্বাস, দেশ এবং সেনাবাহিনীর জন্য তাদের আরেও অনেক অবদান রাখার সুযোগ ছিল”।

তিনি আরো বলেন, “দেশের জন্য জীবন দেওয়ার ব্রত নিয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া প্রতিশ্রুতিশীল এই দুই সেনাসদস্যের মৃত্যু নিঃসন্দেহে দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি এবং তাদের এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।

তাঁদের আত্মত্যাগ সকল সেনাসদস্যদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে এবং দেশমাতৃকা রক্ষার শপথকে বলীয়ান করবে।

আমি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *