ঢাকা: চলেই গেলেন শিশুসাহিত্যক আমীরুল ইসলাম। সকলের প্রিয় মানুষটি আর নেই।
কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে শিশুসাহিত্যিক এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম মারা গেছেন।
আমীরুল সাহেব রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। ১১ সেপ্টেম্বর রাত ১টা ৭ মিনিটে তিনি মারা যান।
প্রকাশক মঈন মুরসালিন ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মঈন মুরসালিন জানান, আমীরুল ইসলামের কর্মস্থল চ্যানেল আইতে ১টা ৩৫ মিনিটে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গিয়েছে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর দেহ বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে রাখা হবে বিকেল ৩টায়। এবং সাড়ে ৩টায় এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এবং তারপর মিরপুরে গোলারটেক ঈদগাহ জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে তাঁকে সমাহিত করা হবে।
উল্লেখযোগ্য যে, শিশুসাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তাঁর প্রকাশিত সব বই শিশুসাহিত্যের।
