ঢাকা: বাংলাদেশের ইলিশ মানেই ভারতের বাঙালিদের কাছে অমৃত। এর জন্য বিশেষ করে অপেক্ষা করে থাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা।
কিন্তু সেই ভাবে আর বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে না। অন্তত এই বছর বাংলাদেশের ইলিশ যায়নি ভারতে। এখন বাংলাদেশের ইলিশের ভরসা হয়ে দাঁড়িয়েছে উল্টো ভারত।
দেশে ইলিশের উৎপাদন কম হওয়ায় ঘাটতি মেটাতে ভারত থেকে আসছে ইলিশ।হাওড়ার মাছ বিক্রেতারা জানাচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য থেকে গত দুই মাসে ৫০০ মেট্রিক টন ইলিশ পাড়ি দিয়েছে বাংলাদেশে।
এক-দুই সপ্তাহের মধ্যে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসার কথা রয়েছে।
বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া পাইকারি মাছবাজার থেকে ইলিশ আনছেন।
বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসারের কার্যালয়ের ইনস্পেক্টর আহসাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমদানিকারকরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অন্যান্য মাছের পাশাপাশি ইলিশ আনছেন। তবে, কি পরিমাণ ইলিশ আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
হাওড়া হোলসেল ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলছেন, “আমরা সাধারণত ভারত থেকে বোয়াল, রুই, পার্শে, ট্যাংরা বাংলাদেশে পাঠাই। এ বার ওখানে ইলিশের ঘাটতি থাকায় এই প্রথম এখান থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হলো”।
