চট্টগ্রাম: আবারো বড়সড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন।

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেলো। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- নিয়াজ মোর্শেদ (২২) ও তার ছোট বোন মিমতাহ (১৭), মামা মো. ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না।

তাঁরা সবাই কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা।

জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষ করে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হয়।

রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালেই ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। এই ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে গেছে।

ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ১১ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

কিন্তু পুলিশ কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে আটক করতে পারেনি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *